শিরোনামঃ
নিউজরুম ০৫-০২-২০১৯ ১১:৫৯ পূর্বাহ্ন |
গাইবান্ধা শহরের বাসিন্দা রনি মিয়া রোববার বিকেলে নতুন বাজারের রুবান দেওয়ানের দোকান থেকে ছয় কেজি চাল কিনেন। রাতে ভাত রান্নার পর খেতে বিস্বাদ লাগলে সন্দেহ সৃষ্টি হয় তার পরিবারের সদস্যদের মাঝে। পরে সোমবার সকালে ওই চালগুলো ভাজতে গেলে দেখা যায় চালগুলো কুঁচকে যাচ্ছে। এতে তাদের সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর চালগুলো নিয়ে রনি মিয়া গাইবান্ধা সদর থানায় উপস্থিত হন। চালগুলো প্লাস্টিকের বলে তিনি অভিযোগ করেন।
রনি মিয়ার অভিযোগের ভিত্তিতে পুলিশ গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তম কুমার রায় ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাছুম আলীকে বিষয়টি জানান। এরপর ইউএনও উত্তম কুমার রায়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গঠন করে সোমবার দোকানে অভিযান চালিয়ে ওই চাল জব্দ করা হয়। পরীক্ষার জন্য জব্দ চাল ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে।
এসময় ভ্রাম্যমাণ টিম রুবান দেওয়ানের দোকান ছাড়াও আরও বেশ কয়েটি দোকানে অভিযান চালায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খান মো. শাহরিয়ার বলেন, চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
চাল ব্যবসায়ী রুবান দেওয়ান দাবি করেন, আমি একসিদ্ধ চাল পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা এলাকার মহাজনদের কাছ থেকে নিয়ে এসে বাজারে বিক্রি করছি। এ চাল অনেকেই খাচ্ছে। কোনও অভিযোগ পাইনি। রনি মিয়া থানায় অভিযোগ করেছেন। পুলিশ এসে চাল পরীক্ষার জন্য নিয়ে গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com