নাসিমের দ্বিতীয় পরীক্ষায় ফল ‘নেগেটিভ’, অবস্থা অপরিবর্তিত
০৫ মে, ২০২৬ ০২:০৭ পূর্বাহ্ন

  

নাসিমের দ্বিতীয় পরীক্ষায় ফল ‘নেগেটিভ’, অবস্থা অপরিবর্তিত

নিউজরুম
০৯-০৬-২০২০ ০১:২৮ অপরাহ্ন
নাসিমের দ্বিতীয় পরীক্ষায় ফল ‘নেগেটিভ’, অবস্থা অপরিবর্তিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দ্বিতীয় দফা পরীক্ষায় ফল ‘নেগেটিভ’ এসেছে, তবে তার অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তার চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া মঙ্গলবার বলেন, “উনার অবস্থা এখনও সংকটাপন্ন, অবস্থার তেমন উন্নতি হয়নি।”

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম গত আট দিন ধরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে থাকা অবস্থায় গত শুক্রবার সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণে থাকা নাসিমের শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ১৩ সদস্যের এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। নাসিমকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া মঙ্গলবার সকালে বলেন, “আক্রান্ত হওয়ার পর দ্বিতীয় বার করোনাভাইরাস পরীক্ষার জন্য গতকাল স্যাম্পল নেওয়া হয়েছিল, আজকে রেজাল্ট নেগেটিভ এসেছে বলে নাসিম ভাইয়ের ছেলে তানভীর শাকিল জয় আমাকে জানিয়েছেন।”

স্বাস্থ্য অধিদপ্তরের প্রটোকল অনুযায়ী কারও কোভিড-১৯ ধরা পড়লে উপসর্গ কমে আসার পর আবারও তার নমুনা পরীক্ষা করা হয়। এভাবে পর পর দুটি পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এলে ধরে নেওয়া হয়, তার শরীরে আর ভাইরাসের সংক্রমণ নেই।

জ্বর ও কাশির মত উপসর্গ নিয়ে গত ১ জুন শ্যামলীর ওই হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষায় মোহাম্মদ নাসিমের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

তার স্ত্রী এবং বাসার একজন গৃহকর্মীও কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন বলে আওয়ামী লীগের একজন নেতা জানিয়েছিলেন।

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নিহত জাতীয় চার নেতার একজন শহীদ এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম পঞ্চমবারের মত সংসদে সিরাজগঞ্জের মানুষের প্রতিনিধিত্ব করছেন।

আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠন করার পর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পান মোহাম্মদ নাসিম। পরের বছর মার্চে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বও তাকে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


নিউজরুম ০৯-০৬-২০২০ ০১:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 502 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com